জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে মাদকের বিস্তার, বখাটেদের তৎপরতা ও চুরি প্রতিরোধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) রাত ৮টায় পৌর শহরের বড়াইল গ্রামের মুরুব্বিদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের বিস্তার ও বখাটেদের তৎপরতা শুধু আইনশৃঙ্খলার অবনতিই ঘটায় না, এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও হুমকির মুখে ঠেলে দেয়। একই সঙ্গে চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য দেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি চন্দ্র কুমার রায় মাস্টার, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বিএনপি নেতা দিদার আলী, বিশিষ্ট মুরুব্বি মো. আলাউদ্দিন, চাঁন মিয়া মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান, ব্যবসায়ী মাজেদুল ইসলাম লুবনসহ অনেকে।
মাদকবিরোধী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাহ নেওয়াজ, পৌর ছাত্রদলের সদস্যসচিব শাহ প্রান্ত, সংগঠক আব্দুল্লাহ আল মোছাপ্পা নিপু, সংগঠক রাকিব আহমেদ, পারভেজ মহালদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় মাদক নির্মূলে একটি কমিটি গঠনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পৌর শহরের প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ও অপরাধবিরোধী সচেতনতা বাড়াতে মাইকিং এবং লিফলেট বিতরণের প্রস্তাব দেওয়া হয়।
বক্তারা বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, অভিভাবক ও তরুণদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
Leave a Reply