স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি হবিগঞ্জ আসছেন তিনি। শিডিউল অনুযায়ী তিনি বেলা আড়াইটায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িরবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন। সকাল সাড়ে ১০টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ, সাড়ে ১২টায় মৌলভীবাজার আইনপুর খেলার মাঠ, আড়াইটায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়া কুট্টাপাড়া ফুটবল মাঠে বক্তব্য রাখবেন। পরে ভৈরব স্টেডিয়াম মাঠ, নারায়ণগঞ্জ আড়াইহাজার মাঠে বক্তব্য শেষে বাসায় পৌঁছবেন। এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িরবহর হযরত শাহজালাল (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হয়। রাত সোয়া ৯টার দিকে তিনি মাজার জিয়ারত শেষ করে হযরত শাহপরাণ (র.) এর মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন। এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হন। এদিকে হবিগঞ্জে সমাবেশকে সফল করতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ। প্রস্তুতির অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে তিনি মঞ্চের নিরাপত্তা, শৃংখলা রক্ষা এবং দূর-দূরান্ত থেকে আগত সমর্থকদের যাতায়াত নির্বিঘ্ন করার নির্দেশনা দেন। তারেক রহমানের সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নিরাপত্তা প্রসঙ্গে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে আইনশৃংখলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি সিএসএফ এবং দলের স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
সব মিলিয়ে, তারেক রহমানের জনসভাকে ঘিরে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।
Leave a Reply