স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পে চা বাগানের শত শত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এবং ডানকান ব্রাদার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ।
ইউএনও গালিব চৌধুরী এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ডানকান ব্রাদার্সের ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
প্রত্যন্ত অঞ্চলে ঘরের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ্টি প্রকাশ করেন চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।
Leave a Reply