জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার এসব চা-বাগানের ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৬৮ জন এবং পুরুষ ১০ হাজার ১৪৯ জন। ভোটগ্রহণের জন্য ৮৫টি বুথ স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ১ লাখ ৪৮ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন। ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে ঘিরে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনে আগ্রহী শ্রমিকরা। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ দীর্ঘদিনের দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, হবিগঞ্জের চুনারুঘাটসহ চার উপজেলার ২৬টি চা-বাগানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব বাগানের অধিকাংশ সীমান্তসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর আবারও নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা শ্রমিকরা।
Leave a Reply