স্টাফ রিপোর্টার : সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত গরু ও মাদকের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৭,২৯,০০০/- (সাত লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৭৩/এম হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ০৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরু গুলোর আনুমানিক সিজার মূল্য ৬,৩০,০০০/- (ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকা।
এছাড়া, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্ত সংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নং চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৯৯,০০০/- (নিরানব্বই হাজার) টাকা।
বর্ণিত চারটি পৃথক অভিযানে সর্বমোট ০৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭,২৯,০০০/- (সাত লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা।
*জব্দকৃত মাদক এবং গরু বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।*
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply